ভান্ডারিয়া ( পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরে ফুটপাত, ড্রেন ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
এ সময় অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের সতর্ক করে ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সোমবার দুপুরে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান।
অভিযানে শহরের জুতাপট্টি এলাকায় ড্রেনের ওপর ব্যাগ ও জুতার অ্যাঙ্গেল ঝুলিয়ে রাখা, প্রধান সড়কের ফুটপাত দখল করে কাঁচামাল বিক্রি, মাছবাজারের প্রবেশমুখে রাস্তার পাশে টেবিল বসিয়ে শাকসবজি ও কাঁচামাল বিক্রি এবং কাঠপট্টি রোডে সড়কের ওপর কাঠ রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চিত্র দেখা যায়।
এসব অবৈধ দখলের কারণে সাধারণ পথচারী ও ক্রেতাদের চলাচলে ভোগান্তি হচ্ছিল। অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের এসব দখল ও প্রতিবন্ধকতা থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্য, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ জোমাদ্দার এবং স্থানীয় বাজার কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, ভবিষ্যতে কেউ আবার ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।