ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ফায়ার সার্ভিস কর্মী মো. সোলায়মান (ছিয়াম) শরীফের (২২) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টায় ভাণ্ডারিয়া সরকারি কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। ছিয়াম শরীফ ভাণ্ডারিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুরা গ্রামের মো. কালাম শরীফের ছেলে।
তিনি চাঁদপুরের মতলব ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্স কার্যালয়ে অগ্নিনির্বাপণকর্মী হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন ছুটি কাটিয়ে গত শুক্রবার বিকেলে কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে একই কর্মস্থলে কর্মরত এক সহকর্মীর সঙ্গে মোটরসাইকেলে রওনা হন ছিয়াম।
পথে পাশের রাজাপুর উপজেলার রাজাপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের নলকাটা এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার সঙ্গে তাঁদের মোটরসাইকেলের ধাক্কা লাগে।
এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই বরিশালে পাঠানো হয়। আহত সহকর্মীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে, ছিয়াম নিজ বাড়িতে ফিরে আসেন।
একই দিন রাতে ছিয়াম রক্তবমি করতে শুরু করলে শনিবার সকালে তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়। ছিয়ামের অকালমৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।