নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। আজ শুক্রবার (৫ জুন) বিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক বিক্রির অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ২৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া উদ্ধার করা হয়েছে নগদ ৪৭ হাজার টাকা, ২ ভরি ৮ আনা স্বর্ণালংকার এবং ৩ ভরি ৮ আনা রুপা। বিএমপি আরও জানায়, মোট গ্রেপ্তার ১৯ জনের মধ্যে ৩ জন ওয়ারেন্টভুক্ত (গ্রেপ্তারি পরোয়ানা) আসামি, ৪ জন নিয়মিত মামলার আসামি এবং ৩ জনকে বরিশাল মহানগর অধ্যাদেশে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধ নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।